সরকারকে অনৈতিক আখ্যায়িত করে জনগণকে সঙ্গে নিয়ে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানো হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘ঢাকা মহানগরের নতুন কমিটিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে তুমুল আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।’
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে সদ্য ঘোষিত ঢাকা মহানগর নতুন কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তাবক অর্পন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সরকার ‘অনৈতিকভাবে’ ক্ষমতা দখল করে আছে অভিযোগ করে বিএনপির এ মূখপাত্র বলেন, ‘জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তাবক অর্পনের মাধ্যমে নেতাকর্মীরা অবৈধ সরকারের বিরুদ্ধে শপথ নিয়েছে। জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করা হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঈদের পর কিংবা ঈদের আগে কোনো কথা নয়। বিএনপির আন্দোলন চলছে, চলবে। ইতিমধ্যে আন্দোলন সফল হয়েছে।’ ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট না দিয়ে আন্দোলনের পক্ষে রায় দিয়েছে বলে দাবি করেন বিএনপির এ নেতা।
মির্জা আলমগীর বলেন, সেজন্য ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। দেশ ও বিশ্বের মানুষ ওই নির্বাচন গ্রহন করেনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে সদস্য সচিব করে গঠিত ঢাকা মহানগরের নতুন কমিটিকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। একই সঙ্গে এ কমিটি ভবিষ্যত আন্দোলনের কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ঢাকা মহানগরকে ‘পূনর্গঠন’ করে আন্দোলনের জন্য প্রস্তুত করা নতুন কমিটির লক্ষ্য বলে জানান সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে সভা করে নতুন কমিটির কাজ শুরু করা হয়েছে। এখন মূল কাজ সংগঠনকে পূনর্গঠনের মাধ্যমে আন্দোলনের উপযোগী করা।’
এর আগে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর, নব কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্ব নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগরের যুগ্ম আহবায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসিচব বরকতউল্লাহ বুলু, রুহুল কবির রিজভী আহমেদ, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ঢাকা মহানগরের সদস্য এস এ খালেক, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা প্রমুখ।
ঢাকা, এমএইচ,২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





