একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বাসায় ডিবি পুলিশ অভিযান চালিয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ মিরপুরের সাংবাদিক কলোনীর কামারুজ্জামানের বাসায় তার বড় ছেলের খোঁজে যায়। কিন্তু তাকে না পেয়ে বাসা থেকে কামারুজ্জামানের বোনের ছেলে আব্দুল আলীমকে এবং বাসার কাছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শ্যালক মনোয়ার হোসেনকে ধরে নিয়ে যায়।

সোমবার রাত ৯টার দিকে নিজেদেরকে ডিবি পুলিশ বলে পরিচয় দিয়ে ওই দুজনকে ধরে নিয়ে যায় বলেও অভিযোগ কামারুজ্জামানের পরিবারের সদস্যদের।

তারা আরও জানান, আলীম ও মনোয়ারকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে পরিবারের সদস্যদের পুলিশ বলেন-একঘণ্টা পর পল্লবী থানায় যোগাযোগ করতে।

রাত সোয়া ১২ টায় এই রিপোর্ট তৈরির সময় পর্যন্ত পরিবারের পক্ষ থেকে বলা হয়, তারা থানায় পল্লবী থানায় যোগাযোগ করলে পুলিশ এ ব্যাপারে কোন তথ্য জানায়নি। আটক দুজনকে রাতে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে তারা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।

এদিকে, এ বিষয়ে ডিবি কার্যালয়ে যোগাযোগ করে কাউকে পাওয়া নি।

কেবি