সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি যে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে ফেলেছে গত সাত বছরে তা প্রমাণ হয়েছে। আন্দোলন করার মতো তাদের শক্তি, সামর্থ্য, সাহস, জনসমর্থন কিছুই নেই।’

শনিবার দুপুরে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের হাঁকডাক আষাঢ়ের তর্জন-গর্জন সার। তাদের তর্জন-গর্জনে বাংলাদেশে আন্দোলন করার মতো তেমন কোনো পরিবেশ নেই। তাদের আন্দোলনে মরা গাঙ্গে আর জোয়ার আসবে না।’

তিনি বলেন, ‘বিএনপি আন্দোলন করবে এমন কোনো দুশ্চিন্তা আমাদের মাথায় নেই। আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে সাম্প্রদায়িক উগ্রবাদ মোকাবেলা। এর জন্য আমাদের অঙ্গীকার এবং শপথ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবো।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এখন কাজ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ থাকবো। ‘আওয়ামী লীগের’ ক্ষতি যদি ‘আওয়ামী লীগ’ না করতে পারে, তাহলে বাহিরের কোন শত্রু আমাদের ক্ষতি করতে পারবে না। তাই আমরা শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকবো।’

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য সম্পাদক আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।

এমকে