জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের সমালোচনা করে বলেছেন, সরকার মুসোলিনী ও হিটলারের মতো দেশ চালাচ্ছে। দেশে গণতন্ত্র নেই। সাংবিধানিক ন্যূনতম অধিকার নেই। গণতন্ত্র মানে কী? সরকার তা জানার অধিকার থেকেও জনগণকে বঞ্চিত করেছে।
শনিবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় ‍যুব সংহতির প্রথম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে এখন কঠিন প্রেক্ষাপট! কী পেক্ষাপট, গণতন্ত্র সংবিধানের কথা আমরা শুনি, কোথায় গণতন্ত্র? মানুষ শান্তিতে ঘুমুতে পারে না। নদীতে লাশ ভেসে ওঠে। গণতন্ত্র শুধু মুখে আছে বাস্তবে নেই।
এরশাদ বলেন, বিএনপি আর রাজনীতিতে নেই। তারা সংসদে নেই। রাজপথেও নেই। তাদের রাজনীতি বলতে কিছুই নেই। সরকার পরিবর্তনের কোন শক্তিই নেই বিএনপির।
‘জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে এরশাদ জড়িত’ সাম্প্রতিককালে খালেদা জিয়ার এমন বক্তব্য প্রসঙ্গে এরশাদ বলেন, বিচারপতি আব্দুস সাত্তার জিয়াউর রহমানের হত্যার বিচার করেননি। যদিও তিনি হত্যাকারীকে ধরিয়ে দিতে পারলে পাঁচ লাক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]