একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে ফেনী-১ আসন থেকে নির্বাচন করতে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন বিএনপির কারাবন্দি নেত্রী খালেদা জিয়া।

সোমবার সকাল সাড়ে ১০টায় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে খালেদার পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন ফরম কেনেন। এ সময় তার সাথে ছিলেন আব্দুল আউয়াল মিন্টু।

এদিকে, মনোনয়ন ফরম বিক্রি উপলক্ষে সকাল থেকেই নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকদের ভিড় দেখা গেছে।

গতকাল জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের যাওয়ার ঘোষণার দেওয়ার পরই বিকেলে আজ থেকে মনোনয়ন ফরম বিক্রির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে গতকাল রোববার বিকেলে নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে মনোনয়নপত্র বিতরণের ঘোষণা দেন রিজভী।

তিনি বলেন, ‘আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং মঙ্গলবার একই সময়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করা হবে। সেই সাথে ১৩ নভেম্বর এবং ১৪ নভেম্বরের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরমের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা এবং জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা।’

এর আগে গতকাল রোববার ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার দেওয়ার পর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটও নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়।

জেড