আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ আটক সকল নেতা-কর্মী এবং আলেমদের মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে দলটি।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এ আহবান জানান।

মকবুল আহমাদ বলেন, 'সরকার কথিত মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, মাওলানা আবদুস সুবহান, সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসেম আলীসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে দীর্ঘ ৫ বছর যাবৎ কারাগারে আটক রেখেছে।

তিনি বলেন, মিথ্যা অভিযোগে বহু আলেমকে সরকার অন্যায়ভাবে বন্দী করে রেখে কষ্ট দিচ্ছে। পবিত্র এ রমজান মাসেও জামায়াতের শত শত নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মাওলানা আব্দুস সুবহান, সেক্রেটারী জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসেম আলীকে যে অভিযোগে ফাঁসির দন্ড দেয়া হয়েছে এবং সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল শহীদ মুহাম্মাদ কামারুজ্জামান ও শহীদ আব্দুল কাদের মোল্লাকে যে অভিযোগে ফাঁসি দেয়া হয়েছে এবং মরহুম অধ্যাপক গোলাম আযমকে ৯০ বছরের দন্ড দেয়া হয়েছে তা দেশ-বিদেশে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত।

ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সম্পর্কে দেশী-বিদেশী প্রথিতযশা আইনবিদ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক মহল থেকে ব্যাপক আপত্তি উত্থাপন করা হয়েছে বলেও তিনি গণমাধ্যমকে জানান।

শুধুমাত্র জামায়াতকে নিশ্চিহ্ন করার হীন উদ্দেশ্যে সরকার বিচারের নামে এ প্রহসন করছে বলে মন্তব্য করে তিনি বলেন, জনগণ এ প্রহসন মেনে নিবেনা।

মকবুল আহমাদ আরো বলেন, সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকার ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সন্ত্রাস, হত্যা, খুন, ধর্ষণ, অপহরণ, গুম জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। হলমার্ক-ডেসটিনি-শেয়ার বাজার-পদ্মা সেতু কেলেঙ্কারি ও সীমাহীন দুর্নীতির কারণে দেশের মানুষ সরকারের বিরুদ্ধে আজ সোচ্চার।

এ ষড়যন্ত্রমূলক বিচার বন্ধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের এবং ২০ দলীয় জোটের সকল নেতা-কর্মী ও আলেমগণকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান তিনি।

এমকে