বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের মৃত্যুতে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছে দলটি। মঙ্গলবার বেলা ১১টায় গত রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে নেয়া সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করার কথা ছিল।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের মৃত্যুতে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।

এদিকে এমকে আনোয়ারের জানাজা দুপুর ১২টায় দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সোমবার দিনগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

সাবেক এ মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এমকে আনোয়ারের পুরো নাম মোহাম্মদ খোরশেদ আনোয়ার। তিনি ১ জানুয়ারি ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন।