আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের কর্মীদের মূল্যায়ন না করলে বড় নেতা হলেও আগামীতে কেউ দলীয় মনোনয়ন পাবেন না।

পকেট কমিটি করে বসন্তের কোকিলদের দলে ঠাঁই দেয়া নেতাদেরও দলে স্থান হবে না।

তৃণমূল কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। এসব নিবেদিত কর্মীরাই ওয়ান ইলেভেনের উত্তাল সময়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মুক্ত করে এনেছিলেন।

ওই সময় কোনো বসন্তের কোকিলকে রাজপথে দেখা যায়নি। মঙ্গলবার দুপুরে বাগেরহাট খানজাহান আলী কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে বিএনপিকে অহেতুক জল না ঘোলা করার আহবান জানিয়ে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। আপনারাও ওই নির্বাচনে অংশ নেবেন।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, রাজপথের আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন পথহারা পথিক। আন্দোলনের নামে খালেদার মরা গাঙ্গে আর জোয়ার আসবে না।

তিনি বলেন, ইতিমধ্যে পদ্মাসেতুর ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। এ সেতুর কাজ নির্ধারিত সময়ে শেষ হওয়ার পর দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপির সভাপতিত্বে প্রতিনিধি সমাবেশে আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক প্রমুখ।

জারিফ