তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, ‘উত্তেজিত হবেন না, মাথা ঠাণ্ডা করুন। নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আপনার পাশ থেকে সন্ত্রাসী, জঙ্গিবাদী, অস্ত্রধারী ও যুদ্ধাপরাধীদের বর্জন করুন।’
কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
‘খালেদা জিয়া উত্তেজিত রমনী’ দাবি করে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনে অংশ না নিতে পেরে খালেদা জিয়া রাজনীতির বাইরে চলে গেছেন। সে কারণে তিনি উত্তেজিত।
‘ঢাল-তলোয়ার নিয়ে আন্দোলন’ খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রসঙ্গে ইনু বলেন, দেশে এখন ঢাল-তলোয়ার তৈরি হয় না। সে কারণে উত্তেজিত রমনী খালেদা জিয়া ঢাল-তলোয়ার নিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে মাঠে নামবেন না।’
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার সম্পূর্ণ আদালতের বিষয়। আমেরিকাসহ অনেক দেশে ফাঁসি কার্যকর করা হয়। আবার অনেক দেশে হয় না। তারা বলেছে ফাঁসি কার্যকর না করে যুদ্ধপরাধীদেরকে জেলে বন্দী করে রাখতে। তবে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেনি। আমাদের বিচার আমরা করছি, বিদেশীরা তাদের কথা বলতে থাকবে। আমরা বিচার করতে থাকব, ফাঁসি কার্যকর করতে থাকব।’
৫ই জানুয়ারীর নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এটি সাজানো নির্বাচন ছিল না। শতকরা ৪০ ভাগ জনগণ ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিল।’
তিনি আরও বলেন, যারা নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়া বানচাল করে সশস্ত্র আক্রমণ পরিচালনা করে, তাদের মুখে নির্বাচন ও গণতন্ত্রের কথা শোভা পায় না।
ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট তৌহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় প্রমুখ।
এএইচ





