আইনমন্ত্রী আনিসুল হকের পদত্যাগ দাবি করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে আইনমন্ত্রীর বিচার হবে। তাঁর সাজা হতেই হবে।

আজ শ‌নিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধ‌নে রিজভী এই মন্তব্য করেন। জাতীয় গণতা‌ন্ত্রিক আন্দোলন আয়োজিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফেতারিরি পরোয়ানা জারির প্রতিবাদে এই মানববন্ধন হয়।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, “আইনমন্ত্রীর কমপ‌ক্ষে চারবার বিচারের মাধ্যমে সাজা হওয়া উচিত। উনি (আইনমন্ত্রী) মিথ্যা কথা বলেছেন ‌যে, প্রধান বিচারপ‌তি (সুরেন্দ্র কুমার সিনহা) ক্যান্সারে আক্রান্ত।

কিন্তু প্রধান বিচারপতি গতকাল বলেছেন যে তি‌নি সুস্থ আছেন। মন্ত্রী হওয়ার সময় তি‌নি শপথ করেছিলেন যে অনুরাগের বশবর্তী হয়ে মিথ্যা বলবেনা না। তিনি শপথভঙ্গ করেছেন। এই কারণেই উনার (আইনমন্ত্রীর) সাজা হ‌ওয়া উচিত।”

রিজভী বলেন, “প্রধান বিচারপতি যাওয়ার আগে গণমাধ্যমকে সত্য কথা বলে গেছেন। তিনি সুস্থ আছেন। তাঁকে কথা বলতে দেওয়া হয়নি। এত দিন তাঁকে মানসিক নির্যাতন করা হয়েছে, তিনি অসুস্থ নন। আইনমন্ত্রী মিথ্যাচার করেছেন, তাঁর পদত্যাগ করতে হবে।”

তিনি যোগ করে বলেন, “স্বয়ং প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাহলে আপনার-আমার নিরাপত্তা কোথায়?”

প্রধান বিচারপতির পাশে থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, “প্রধান বিচাপতি দেশে ফিরে আসবেন বলেছেন। দেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার্থে তিনি আবার আসবেন বলেছেন। আমাদের প্রধান বিচারপতির পাশে থাকতে হবে।”

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, “আরব্য উপন্যাসের এই স্বৈরাচারী দানবকে রাজপথে পতন করতে হবে।”

জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সভাপতির এম জাহাঙ্গীর আলম ছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, ওলামা দলের সভাপ‌তি আবদুল মালেক, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আমিনুল ইসলাম, এমএ হান্নান প্রমুখ।

এমবি