বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ও গ্রেফতার করে সরকারের শেষরক্ষা হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই সঙ্গে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ ধর্মপাশা উপজেলার দলের ২৪ জন নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
এক বিবৃতিতে শুক্রবার দুপুরে মির্জা ফখরুল বলেন, ‘সুনামগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। এটা বর্তমান অবৈধ ও গণবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ। এ সব করার একমাত্র লক্ষ্যই হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীরা যাতে বর্তমান অবৈধ সরকারের স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কার্যকলাপসহ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে না পারে। কিন্তু তাতে সরকারের শেষরক্ষা হবে না।’
অবিলম্বে সুনামগঞ্জ জেলা বিএনপির ২৪ জন নেতাকর্মীর মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান মির্জা ফখরুল।
বিবৃতিতে স্বাক্ষর করেন দলের যুগ্ম-মহাসচিব ও দফতর সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





