৭ নভেম্বর উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে বিএনপি। ৭ নভেম্বর এ জনসভার অনুমতির জন্য ইতোমধ্যেই ঢাকা মহানগর পুলিশের কাছে চিঠি দিয়েছে দলটি। তবে জনসভা একদিন পিছিয়ে ৮ নভেম্বর হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।

সোহেল বলেন, ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমাদের প্রস্তুতি সভা। তবে একদিন আগে-পরে হতে পারে। এ ব্যাপারে ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ৮ নভেম্বর জনসভা হতে পারে।

জনসভার বিষয়ে ডিএমপির অনুমোদন পাওয়া গেছে কি না এমন প্রশ্নের জবাবে সোহেল বলেন, আমরা চিঠি পাঠিয়েছি। তারা এখনও রেসপন্স করেনি। পুলিশ একেবারে শেষ মুহুর্তে অনুমতি দিয়ে থাকে। এবারও হয়ত শেষ মুহুর্তেই পাওয়া যাবে। আমাদের প্রস্তুতি চলছে।

বুধবার দুপুরে জনসভা সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক করে। মহানগর বিএনপির আহ্বায়ক দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এতে সভাপতিত্ব করেন।

মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলের পরিচালনায় বৈঠকে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মহানগর কমিটির উপদেষ্টা আব্দুস সালাম, মহানগর যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, এস এ খালেক, সালাহউদ্দিন আহমেদ, ইউনুস মৃধা, তানভীর আহমেদ রবিন প্রমুখ।

এএইচ