ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘ছাত্রলীগ সম্পর্কে নেগেটিভ নিউজ করা থেকে বিরত থাকুন। ছাত্রলীগ কোনো সাংবাদিকের কলমকে ভয় পায় না।’
বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতাকালে তিনি আরো বলেন, ‘ছাত্রলীগ কারো রক্তচক্ষুকে ভয় পায় না। এ সংগঠনের কর্মীরা ওয়ান ইলেভেনের সময় সেনাবাহিনীকে চড় মেরে ক্যাম্পাস থেকে তাড়িয়েছে। কেউ উল্টাপাল্টা করলে ছাত্রলীগ তাকে চড় থাপ্পড় মারতে দ্বিধা করে না।’
ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ছাত্রলীগের আসন্ন কাউন্সিলকে সামনে রেখে গণমাধ্যমের কিছু লোক ছাত্রলীগের সমালোচনায় নিজেদের লিপ্ত রাখছেন। গণমাধ্যমে ছাত্রলীগের সিন্ডিকেটের কথা বলছে। তারা ওবায়দুল কাদের-বাহাউদ্দিন নাসিম সিন্ডিকেট এবং বাহাদুর বেপারী-মাহমুদুল হাসান রিপন সিন্ডিকেটের বিষয়ে যে কথা বলছে, তা ভুয়া। মূলত যারা ছাত্রলীগের রাজনীতিকে ভালবাসেন না, তারাই এই ধরনের নিউজ করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।’
‘আপনারা (সাংবাদিক) ছাত্রলীগ সম্পর্কে জানেন না। আগে ছাত্রলীগ সম্পর্কে ভালোভাবে জানুন। এরপর নিউজ করুন। আর মনে রাখবেন, ছাত্রলীগ কোনো হলুদ সাংবাদিককে ভয় পায় না’, বলেন সিদ্দিকী নাজমুল আলম।
কেএইচ





