জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সারা দেশে এক দুর্বিসহ অবস্থা বিরাজ করছে।
প্রতিদিন মানুষ খুন হচ্ছে- নারী-শিশু কেউ রেহাই পাচ্ছেনা। দেশে বিরাজমান অস্বাভাবিক পরিস্থিতি থেকে মানুষ এখন পরিত্রাণ চায়।
শনিবার তার বনানীস্থ কার্যালয়ে গাজীপুরের কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ঈদ-উত্তর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, জাতীয় পার্টির উপর অনেক অত্যাচার-নির্যাতন করা হয়েছে। যারা আমাদের উপর নির্যাতন চালিয়েছে- তাদেরও আজ সেই পরিণতি বরণ করতে হচ্ছে।
আজ খালেদা জিয়াকে বিচারের সম্মুখিন হতে হচ্ছে। তাকেও জেলে যেতে হবে। তার দলের আজ সাংগঠনিক শক্তি নাই। এই দলের সামনে অন্ধকার।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু এবং কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মিলন প্রমুখ বক্তব্য রাখেন।
এআই





