বিএনপি ও গণতন্ত্রকামী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্য হলে আওয়ামী লীগ ৩ দিনের বেশি ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

আজ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মুক্তি পরিষদ আয়োজিত খালেদা জিয়া ও সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা এইসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি ও গণতন্ত্রকামী দলগুলোকে নিয়ে দীর্ঘদিন ধরে একটি জাতীয় ঐক্য তৈরির কাজ চলছে। আমরা এ বিষয়ে নিয়মিত বসছি, আলোচনা করছি। এই জাতীয় ঐক্যে যদি সফল হওয়া যায়, তবে আওয়ামী লীগ ৩ দিনের বেশি ক্ষমতায় থাকতে পারবে না।”

বিএনপির মহাসচিব বলেন, “আমাদের নেতাকর্মীদের মাঠে নেমে আসতে হবে। যুবদলের নেতাকর্মীদের ঘরের ভেতর থেকে বাইরে আসতে হবে। দলে আমরা যারা বয়স্ক, তারা সবাই বাইরে যাব। আপনারাও ঘরের ভেতর থেকে বাইরে যান। ২০ জন ২০ জন করে বাইরে যান। দেখেন পরিস্থিতি কী হয়। বিএনপি যদি রাস্তায় নামে, সরকারের দাঁড়ানোর উপায় থাকবে না।”

তিনি বলেন, “এমনি এমনি কোনো কিছুই পাওয়া যায় না। পাওয়ার জন্য সংগ্রাম করতে হয়। আজ আমাদের নেত্রী ও গণতন্ত্রের মাতা কারাগারে। তাঁকে যদি কারামুক্ত করতে হয়, তবে আন্দোলনের কোনো বিকল্প নেই। এই আন্দোলন চলছে। আরো বেগবান করতে হবে। যুবকদের মাঠে থাকতে হবে।”

মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান সরকার নির্বাচন নির্বাচন খেলা করে জনগণের সঙ্গে তামাশা করছে। আজকের নির্বাচন কমিশন একটি অথর্ব কমিশন। তারা সরকারের নির্দেশমতো কাজ করে তাদের সহযোগিতা করছে। এই কমিশনকে পদত্যাগে বাধ্য করতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করে আগামীতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। যে নির্বাচনে ভোটাররা নির্ভয়ে গিয়ে ভোট দিতে পারবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আপনারাই বিরোধী দলগুলোর আন্দোলনের পরিস্থিতি তৈরি করছেন। সেই দিন বেশি দূরে নয়, যেদিন জনগণ তাদের জবাব দিয়ে দেবে। আওয়ামী লীগ তাদের জন্মের শুরু থেকেই গণতন্ত্রে বিশ্বাস করে না, কোনোদিন করেনি। তারা স্বাধীনতার পর সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছে। আজকে যেমন রাস্তার পাশে লাশ পড়ে থাকে, সেদিনও এভাবে রাস্তার পাশে লাশ পড়ে থাকত।” 

যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরুর সভাপতিত্ব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।

এমবি