নির্বাচনী আচরণবিধি মেনে চলা, নির্বাচিত হলে সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত, জনকল্যাণমূলক ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র প্রার্থীরা।
এছাড়া ঢাকাকে মাদকমুক্ত, যানজটমুক্ত, ভেজাল খাবারমুক্ত একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে পরিণত করারও অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
শুক্রবার গুলশানের ইম্যানুয়েল’স ব্যাংকুয়েট হলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ)-এর যৌথ উদ্যোগে মেয়র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থীরা এসব অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ১২ জন মেয়র প্রার্থীসহ সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সুজন নির্বাহী সদস্য ড. তোফায়েল আহমেদ, নাসফ- এর সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী এবং সংশ্লিষ্ট এলাকার চার শতাধিক ভোটার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম’ (নাসফ)-এর সভাপতি মু. হাফিজুর রহমান ময়না।
অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা উপস্থিত ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নিজ নিজ বক্তব্যে সিটি করপোরেশনকে ঘিরে তাদের প্রত্যাশা ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে ভোটারদের শপথ পাঠ করান সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। ভোট প্রদানকে পবিত্র দায়িত্ব মনে করে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীর স্বপক্ষে ভোটাধিকার প্রয়োগ করার অঙ্গীকার গ্রহণ করেন উপস্থিত ভোটাররা।
পরে বদিউল আলম মজুমদার বলেন, ‘দীর্ঘদিন পর ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কারণ জনগণ নির্বাচিত প্রতিনিধি দেখতে চায়, যারা নাগরিক সুবিধা নিশ্চিত করতে সচেষ্ট থাকবেন।’
তিনি বলেন, ‘নাগরিকরা হলো দেশের মালিক। তাই নাগরিকদের প্রতিনিধি নির্বাচিত করার আগে তাদের সম্পর্কে জেনে-শুনে-বুঝে তাদের ভোট দেয়া দরকার।’
এসএইচ





