জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মতবিনিময় সভায় দলীয় ৩০ জন সংসদ সদস্যই যোগ দেননি।
আজ বুধবার দুপুরে রাজধানীর গুলিস্তানে ইমানুয়েলস কমিউনিটি সেন্টারে জেলা পর্যায়ের নেতাদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এরশাদ দলের নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, দলকে বিভক্ত করার চেষ্টা চলছে। কিন্তু এরশাদ ছাড়া জাতীয় পার্টি নেই এমন দাবি করে তিনি বলেন, জাতীয় পার্টি আছে থাকবে।
আগামীতে সবার কাছে গ্রহণযোগ্য যেই নির্বাচন হবে, তাতে জাতীয় পার্টি অংশ নিয়ে যেন ভালো করতে পারে, সেজন্য এখন থেকেই সবাইকে দলের হয়ে আরো জোরালোভাবে কাজ করার আহ্বান জানান এরশাদ।
তিনি নাম উল্লেখ না করে জাতীয় পার্টি থেকে বেরিয়ে যাওয়া নেতা কাজী জাফরের কঠোর সমালোচনা করে বলেন, তাদের জন্য কোন আশার আলো নেই।
ভুল স্বীকার করে দলে ফিরে আসলে তাদেরকে ক্ষমা করে দেয়া হবে এমন আশ্বাস দিয়ে এরশাদ বলেন, ‘আমি তোমাদের অভিভাবক হিসেবে বলছি, ফিরে এসো, তোমাদেরকে ক্ষমা করে দেয়া হবে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারির নির্বাচনে এরশাদপত্নী রওশনের নেতৃত্বে জাপার একাংশ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে অংশ নেয়। তাতে এরশাদসহ ১৩ জন জয়ী হন। এর আগে রওশনসহ দলটির ২০ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতানো হয়। সব মিলিয়ে ১০ম সংসদে মোট ৩৪ জন সংসদ সদস্য রয়েছে জাতীয় পার্টি থেকে।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি [/b]