বিদেশ ফেরত যাত্রীদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মাদ তাহের।

শনিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের নায়েবে আমির বলেন, “বেশ কিছু দিন পূর্বে কুয়েত, কাতার ও বাহরাইন থেকে ২১৯ জন প্রবাসী বিভিন্ন অপরাধে সাজা খেটে দেশে ফেরত আসেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়। কিন্তু কোয়ারেন্টিন শেষে অনুমান নির্ভর পুলিশি অভিযোগের প্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানো হয় এবং তাঁদের বিরুদ্ধে ওঠা ঔসব অভিযোগ খতিয়ে দেখার কথা বলা হয়।”

“গত ০৩ সেপ্টেম্বর ২১৯ জন বিদেশফেরত বাংলাদেশীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করে আদালতের কাছে ৩০ দিনের সময় চেয়ে আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে আগামী ২০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।”

জামায়াতে এই সাবেক এমপি বলেন, “আমরা বলতে চাই, দীর্ঘ দিন অতিবাহিত হয়ে গেলেও বিদেশফেরত ঐ সব ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি। যদি তারা কোনো অপরাধের সাথে জড়িত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থা করা উচিত। কিন্তু বিনা বিচারে কাউকে দীর্ঘ দিন আটক রাখা উচিত নয়। এটা সংবিধান ও মানবাধিকার পরিপন্থী।”

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মাদ তাহের বলেন, “বিদেশ থেকে আগত বাংলাদেশীদের হয়রানি না করে আইনী সমস্যা সমাধানের মাধ্যমে অবিলম্বে তাদেরকে মুক্তি দিয়ে পরিবারের কাছে ফেরত দেয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।” প্রেস বিজ্ঞপ্তি

এমবি