প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, যারা হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে দুর্বল করতে চায় সেই দেশবিরোধী অশুভ শক্তিই একরামুল হককে নৃশংসভাবে হত্যা করতে পারে।
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হককে নির্মমভাবে গাড়ীসহ পুড়িয়ে মারার ঘটনায় মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, একরামুল হক অত্যন্ত জনপ্রিয় একজন তরুণ নেতা ছিলেন। ফুলগাজীকে একটি আধুনিক উপজেলায় পরিণত করতে তিনি ছিলেন নিবেদিত প্রাণ।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শোকসন্তপ্ত ফুলগাজীবাসী ও মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলগাজীবাসী এবং সমগ্র দেশবাসীকে এই নির্মম হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]