ভারতের রাজ্যসভার পর লোকসভাতেও সীমান্ত বিল পাশ করায় ভারত সরকারকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
আজ শুক্রবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ কথা জানান।
তিনি জানান, আমরা আশা করি এর ফলে ১৯৭৪ সাল থেকে ঝুঁলে থাকা ছিটমহল বিনিময়, অপদখলীয় ভূমি হস্তান্তর ও অনিষ্পন্ন সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হবে। দুই দেশের প্রায় ৫২ হাজার ছিটমহলবাসীর নাগরিকত্ব সমস্যার স্থায়ী সমাধান হবে এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত হবে ও বঞ্চনার অবসান ঘটবে। একই সাথে পশ্চিম বঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমান্ত বিরোধ চূড়ান্তভাবে নিষ্পন্ন হবে।
আমরা আশা করি ভারত সরকার তিস্তার পানি বন্টন চুক্তি অবিলম্বে সম্পন্ন করবেন। সেই সাথে টিপাইমুখ বাঁধ নির্মাণ এবং সীমান্তে অব্যাহতভাবে বাংলাদেশীদের হত্যা বন্ধ করে দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও দু’দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি রোধ করার ব্যাপারেও ভারত সরকার বাস্তবমুখি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা আরও আশা করি এখন থেকে দু’দেশের সম্পর্ক পারস্পরিক ভালবাসা ও শ্রদ্বার ভিত্তিতে পরিচালিত হবে।
এসএইচ





