স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, খালেদা জিয়াকে এখনই অন্য কারাগারে স্থানান্তরের চিন্তা নেই। এটা সবচেয়ে নিরাপদ জায়গা, কারাগার এটা।

আজ (বুধবার) সকালে বাংলাদেশ কোস্টগার্ডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

কারাগারে বিএনপি নেত্রী অনিরাপত্তায় ভুগছেন কি না বা অস্বাস্থ্যকর পরিবেশে তাঁকে রাখা হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “ঢাকা কেন্দ্রীয় কারাগার ছিল এটা, এটা সবচেয়ে নিরাপদ জায়গা, কারাগার এটা। অস্বাস্থ্যকর মোটেই নয়, যেখানে রাখা হয়েছে এটা নতুন বিল্ডিং।

যেখানে নাকি ডে-কেয়ার সেন্টার ছিল, বাচ্চাদের রাখা হতো, সেই বিল্ডিংটাতে রাখা হয়েছে এবং তাঁকে যতটুকু সুযোগ-সুবিধা দেওয়া যায় কারাগারে, সেগুলো সবই দেওয়া হচ্ছে। এখানে অনিরাপদ কিংবা ঝুঁকিপূর্ণ, অস্বাস্থ্যকর কিছুই নেই। কারাগারের জেল কোড অনুযায়ী তাঁকে যে সুবিধাদি দেওয়া দরকার, সবই পাচ্ছেন।”

মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসছে। রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা হবে বলেও জানান আসাদুজ্জামান খাঁন কামাল।

এর আগে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বাহিনীর উন্নয়ন, অপারেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২২ কর্মকর্তা, ১৬ নাবিক ও দু’জন অসামরিক কর্মচারীকে বাংলাদেশ কোস্টগার্ড পদক ও প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক দেওয়া হয়।

এমবি