ন্যাশনাল পিপলস পার্টির (এপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু বলেছেন, ‘রাজনীতিতে আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে কোনো প্রকার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিষ মিশ্রিত তীর নিক্ষেপ করেছেন খালেদা জিয়া।’
তিনি বলেন, শেখ হাসিনার একটি ইফতার পার্টিতে যোগ দেয়ার কারণেই বিএনপি নেত্রী আমাকে বহিষ্কার করেছিলেন।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাইঞ্জে বাংলাদেশ ইনসাফ পার্টির (বিআরইপি) এক সভায় তিনি এ সব কথা বলেন।
‘দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও মধ্যবর্তী জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা’ শীর্ষক এ আলোচনা সভা করে ইনসাফ পার্টি।
এতে শেখ শওকত হোসেন নিলু বলেন, আমার দলের কাউন্সিলাররা আমাকে বহিষ্কার করতে পারে কিন্তু খালেদা জিয়ার কোনো অধিকার নেই আমাকে বহিষ্কার করার। আমার আলাদা দল আছে। আমি তার দলের কোনো নেতা নই।
নিলু বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেনস্তা করার জন্য বিএনপি চেয়ারপারসন এমনটা করেছেন।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি মনে করেন আপনি কূটনৈতিকভাবে সফল। আপনি কূটনৈতিকভাবে সফল হতে পারে কিন্তু নিজের আত্ম জিজ্ঞাসায় আপনি সফল নন। নিজেকে একবার জিজ্ঞেস করে দেখেন ৫ জানুয়ারির নির্বাচন সঠিক না-কি বেঠিক।
এসময় বাংলাদেশ ইনসাফ পার্টির চেয়ারম্যান শহিদ চৌধুরী বলেন, দেশে আজ সবক্ষেত্রে ন্যায় ও সুশাসন হারিয়ে হয়ে গেছে। ক্ষমতার হানাহানিতে দেশের জনগণ জিম্মি হয়ে আছে। মানুষের কোনো মানবাধিকার নেই। এমন অবস্থা থেকে দেশের মানুষ মুক্তি চায়, ইনসাফ চায়।
তিনি বলেন, দেশে সুশাসান প্রতিষ্ঠার জন্য জনমানুষের ইরসাফ প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান শহিদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মো. সেকেন্দার আলী মনি, বাংলাদেশ মাইনরিটি পার্টির চেয়ারম্যান শচীন্দ্র লাল দে, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মো. মোসতাক আহমদ ভাসানী, ন্যাশনাল পিপলস পার্টির মহাসাচিব মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল প্রমুখ।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





