বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, "এবারের ৫ জানুয়ারি ব্যতিক্রম হবে। সেদিন সরকার আমাদেরকে জনসভা করতে না দিলে ওদিন থেকেই শেষ খেলা শুরু হবে।"
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশলাল ইয়ুথ ফোরাম আয়োজিত ‘সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘গত বছরের ৫ জানুয়ারি একতরফাভাবে নির্বাচন হয়েছে। ওই নির্বাচনকে ঘিরে সৃষ্ট সংকট নিরসনে বুধবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাত দফা প্রস্তাব দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘সরকারকে বলব, আর বিলম্ব নয়। তার প্রস্তাব নিয়ে দ্রুত আলোচনায় বসুন। গত বছরের ৫ জানুয়ারি থেকে এবারের দিনটি হবে ব্যতিক্রম। সেদিন থেকেই শুরু হবে গণতন্ত্র ফিরিয়ে আনার নতুন অভিযাত্রা।’
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব বলেন, এই সরকার ঘুমন্ত আগ্নেয়গিরির ওপর বসে আছে। তারা বুঝতে পারছে না, জোর করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় বেশি দিন থাকা যায় না।’
সংগঠনের উপদেষ্টা মো. আতিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ইয়ুথ ফোরামের সভাপতি মো. সাইদুর রহমান প্রমুখ।
জেডআই





