মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে তারা এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে আব্দুল আহাদ চৌধুরী অভিযোগ করেন, গত ৪ জুন কমান্ড কাউন্সিল নির্বাচনে জোরপূর্বক ভোটকেন্দ্র দখল ও ভোটডাকাতি করা হয়েছে। তিনি বলেন, অবিলম্বে এই নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচন দিয়ে মুক্তিযোদ্ধাদের আশা পূরণ করতে হবে।
তিনি আরও বলেন, নিদের্শিকার ৮.১ ধারায় বলা হয়েছে- কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভোট গণনা সর্বাগ্রে শুরু এবং শেষ করতে হবে। আর আচরণ নির্দেশিকার ৪ (চ) ধারায় বলা হয়েছে- যে কোন ধরনের প্রচারণায় মন্ত্রী বা সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান বা কোন সরকারী কর্মকর্তা সহায়তা করতে পারবে না। অথচ ওয়াহিদুর রহমান ও তার গংরা আচরণ বিধি লঙ্গণ করে মুক্তিযোদ্ধাদের কাঙ্খিত ফলাফল লুন্ঠণ করেছে।
তিনি অভিযোগ করেন, এখন পর্যন্ত আমরা অধিকাংশ ক্ষেত্রেই নির্বাচনের ফলাফলের কপি পায়নি। ভোটের দিন সাংবদিকদের কোন দাওয়াত না করে লুকানো খেলা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম হায়দার, কায়কোবাদ, হারুনুর রশিদসহ অন্যান্য নেতারা।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]