ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় নিজেদের দোষ ঢাকতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা লুকাতে সুকৌশলে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন মিনারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দেয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে এক সংবাদ বিবৃতিতে তিনি এ দাবি করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বর্তমান অবৈধ সরকার দেশব্যাপী একদিকে যেমন বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে হত্যা, গুম, অপহরণের মহোৎসব চালাচ্ছে, অপরদিকে নিজেদের দলের ক্যাডাররা এলাকা ভিত্তিক আধিপত্য, টেন্ডারবাজি এবং দখল নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়ে একে অপরকে নৃশংস পৈশাচিক কায়দায় হত্যা করছে। এটা নিশ্চিতভাবে বলা যায়-বাংলাদেশ এখন গডফাদারদের নিয়ন্ত্রণে। দেশে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী আছে কী না তা বোঝা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ”
তিনি বলেন, “একরামুল হককে হত্যার বিষয়ে ফেনীতে বড়, মেজো ও কনিষ্ঠ আওয়ামী গডফাদারদের দ্বন্দ্ব এখন মানুষের মুখে মুখে। আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের কর্তৃক একরামুলকে হত্যার সংবাদ প্রতিদিনই গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হলেও সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন মিনারকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এমনকি নিহতদের পরিবার বলেছে- একরামুলের ভাইকে স্থানীয় আওয়ামী নেতারা সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করে মিনারের নামে মিথ্যা মামলা দায়ের করার জন্য, যা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। ”
মির্জা ফখরুল বলেন, “ফেনীতে একরাম হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের মদদপুষ্ট বিভিন্ন শ্রেণীর গডফাদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই দায়ী। নিজেদের দোষ ও সর্বনাশা অপকর্ম, গডফাদারদের রক্তপাত ও খুনোখুনি ধামাচাপা দেয়ার জন্য মানুষের চোখকে অন্য দিকে ফেরাতে মিনারকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে। ”
তিনি সরকারের উদ্দেশে বলেন, “আপনারা অবৈধভাবে ক্ষমতা দখল করে নির্লজ্জ মিথ্যাচার, হিংস্র গুম-খুনের রাজনীতি এবং নানা নোংরা ছলচাতুরীর আশ্রয় নিয়ে জনগণকে চরমভাবে উৎপীড়ন করছেন। সুতরাং জনগণের ধাবমান সম্মিলিত ক্রোধ সম্পর্কে এখনই সতর্ক হোন। নইলে নিজেদের জানমাল সম্মান বাঁচাতে জনগণ বসে থাকবে না, আপনাদের বেপরোয়া ঔদ্ধত্য ও অনাচারের কুশাসন মোকাবেলা করতে আপনাদেরকে ঘেরাও করে ফেলবে। আর তখন প্রচণ্ড শব্দে রুগ্ন সরকার হুড়মুড় করে ধ্বসে পড়া থেকে নিজেকে রক্ষা করতে পারবে না।”
[b]ঢাকা, ২৮ মে (টাইমিনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
বাংলাদেশ এখন গডফাদারদের নিয়ন্ত্রণে: ফখরুল
ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় নিজেদের দোষ ঢাকতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা লুকাতে সুকৌশলে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন মিনারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দেয়া হয়েছে বলে দাবি





