জয়পুরহাট জেলায় খালেদা জিয়ার সমাবেশকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় বিএনপি। ২২ জুনে সেখানে খালেদা জিয়ার সমাবেশ করতে যাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে মঞ্চ তৈরির কাজ ৯৯ ভাগ সম্পন্ন হয়েছে।
মাইক ব্যবহার ও প্রশাসনিক আইনগত দিকগুলোর অনুমতি নিয়েছেন তারা।
মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে ভারপ্রাপ্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও এমপি ছাড়া জেলার বিভিন্ন পদের নেতারাও থাকবেন বলে জানান বিএনপির এক নেতা।
সমাবেশের আগে বৃষ্টি হলেও যেন জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পানি জমতে না পারে সেজন্যও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান বলেন, সভাস্থলের ও মঞ্চের কাজ প্রায় সম্পন্ন, এখন শুধু অপেক্ষা নেত্রীর আগমনের।
লাখ লাখ মানুষ ২২ জুন বিকেলের অপেক্ষায় রয়েছেন কখন খালেদা জিয়া রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশের মঞ্চে আসবেন। আবহাওয়ার বিরুপ প্রতিক্রিয়া থাকলেও সমাবেশস্থল লোকে লোকারণ্য হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, সমাবেশ সফল করার প্রত্যয় ব্যক্ত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, দুই লাখ লোকের অধিক টার্গেট নিয়ে জনসমাবেশের আয়োজন করা হয়েছে।
আকাশের অবস্থা যাই থাকুক খালেদা জিয়াকে একনজর দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রচুর লোকের সমাগম হবে, ফলে জেলা শহর জনসমুদ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকা,২১ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





