পুলিশের গুলিতে আহত শিবির নেতা তহুরুল ইসলাম নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।

শনিবার সকাল ৮টায় রাজধানীর বসুন্ধরা গেটে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিবিরের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের নেতৃত্বে মিছিলটি বসুন্ধরা গেট থেকে শুরু হয়ে নদ্দা গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে আনিসুর রহমান বিশ্বাস বলেন, ‘বর্তমান স্বৈরতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকতে নিরিহ জনগণের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে। কিন্তু এতে তাদের শেষ রক্ষা হবে না।’

তিনি বলেন,‘এভাবে নিরিহ জনগণের ওপর গুলি চালিয়ে হত্যা-নির্যাতন অব্যাহত থাকলে এদেশের মুক্তিকামী জনতাই তাদের টেনে হিচড়ে অবৈধ ক্ষমতা থেকে নামাবে।’

তিনি বলেন, ‘যুগে যুগে শহীদের রক্ত বৃথা যায়নি, শহীদ তহুরুল ইসলামের রক্তও বৃথা যাবেনা। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় তার রক্ত অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

মিছিলে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি তারিক হাসান, দপ্তর সম্পাদক জামিল মাহমুদ, অর্থ সম্পাদক আশিকুর রহমান আসিফ, প্রশিক্ষণ সম্পাদক আইয়ুব আলী, শিক্ষা সম্পাদক আব্দুল হালিম, ফাউন্ডেশন সম্পাদক ইফতেখারুল ইসলাম শাকিল, প্রচার সম্পাদক জাকের হোসেনসহ মহানগরী ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মিছিল করার সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন শিবির নেতা তহুরুল ইসলাম। পরে গতকাল শুক্রবার সকাল চিকিৎসাধীন অব্স্থায় ইন্তেকাল করেন।

জেএ