জাতীয় সংসদের শূন্য ঘোষিত ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান। আর সিরাজগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ছেলে তনভির শাকিল জয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক অনলাইন সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন তথ্য জানিয়েছেন।

এর আগে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে আগামী ১২ নভেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার নির্বাচন কমিশনের সভা শেষে ইসির সিনিয়র সচিব মো: আলমগীর তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, এ দুই নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ১৩ অক্টোবর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।
মনোনয়নপত্র বাছাই ১৫ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ অক্টোবর।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৭১তম সভায় ভোটের এই দিনক্ষণ চূড়ান্ত করা হয়।
অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গত ০৯ জুলাই ঢাকা-১৮ আসন এবং মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়।

এমবি