ধর্মীয় উসকানি ও বিরোধ সৃষ্টির উদ্দেশ্য বক্তব্যে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার সিএমএম আদালত।

বুধবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু নির্ধারিত দিনে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দিতে না পারায় ঢাকা মহানগর হাকিম সামছুল আরেফিন এ দিন ধার্য করেন।

এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ বার তারিখ নির্ধারণ করা হলো।

এর আগে ২০১৪ সালের ২১ অক্টোবর আদালত মামলাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শাহবাগ থানার একজন পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানের শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্য দেন খালেদা জিয়া। এ সময় তিনি আওয়ামী লীগকে নিয়ে কটূক্তিপূর্ণ সমালোচনা করেন। বক্তৃতার এক পর্যায়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।’

খালেদা আরো বলেন, ‘আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। ধর্মনিরপেক্ষতার মুখোশ পরা এ জবরদখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।’

এ বক্তব্যের প্রেক্ষিতে খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে ২০১৪ সালের ২১ অক্টোবর নালিশি মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

এমএইচ