পৌর নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নির্বাচনের পথে যে যাত্রা শুরু করেছে, অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে তা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, “পৌর নির্বাচনে অংশ নেওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই। নির্বাচনের পথে যে যাত্রা তিনি শুরু করেছেন, সেই যাত্রা তিনি অব্যাহত রাখবেন, এটিই বিএনপির জন্য মঙ্গলজনক। ভুল পথে হাঁটা, সন্ত্রাসের পথে হাঁটা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখবে না, তাদের মঙ্গল বয়ে আনবে না।”
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, “অতীতের সকল স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে এই নির্বাচন অত্যন্ত ভালো ও সুষ্ঠু হয়েছে। আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জনপ্রিয়তা প্রমাণিত হয়েছে।”
সংগঠনের কাযর্করী সভাপতি হাসান ইমামের সভাপতিত্বে সভায় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, সংসদ সদস্য লুৎফা তাহের ডালিয়া, জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, জোটের কেন্দ্রীয় নেত্রী ফেরদৌস খান আলমগীর প্রমুখ বক্তব্য দেন।
এমএইচ





