ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, জন সমর্থনহীন গণধিকৃত আওয়ামী সরকারের ওপর তাদের পূর্বসুরীদের বাকশালের ভূত চেপে বসেছে। তাই ডিজিটাল বাংলাদেশের নামে ধোকাবাজী করে ডিজিটাল বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ।
তিনি আজ ছাত্রশিবির টাঙ্গাইল শহর ও জেলা শাখা আয়োজিত সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিকাল ৩টায় শহরের এক মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে শিবিরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শহর সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় অফিস সম্পাদক নাভিদ আনোয়ার। এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কাজী মোঃ সাইফুল্লাহ, জেলা সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারি মোঃ লোকমান হোসাইন।
শিবির সেক্রেটারি বলেন, অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করতে সর্বগ্রাসী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। যুদ্ধাপরাধের বিচারের নামে নাটক, আলেম-ওলামা, নারী শিশু বৃদ্ধদের উপর গণহত্যা, ইসলাম প্রিয় ছাত্রজনতার উপর অব্যাহত জেল, জুলুম নির্যাতন চালিয়ে জনগণকে ভীত রাখার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, গণমাধ্যম যেন সরকারের অপকর্ম প্রকাশ করতে না পারে সে জন্য গণমাধ্যম নীতিমালার নামে কালাকানুন প্রণয়ন করেছে। অন্যদিকে আইন আদালতকে আরও কুক্ষিগত করতে জনগণের প্রতিনিধিহীন সংসদের কাছে বিচারপ্রতিদের অভিশংসনের ক্ষমতা দেয়ার অপচেষ্টা চালাচ্ছে।
শিবির সেক্রেটারি অভিযোগ করেন, সরকারের এসব অপকর্মের মূলে রয়েছে বস্তাপচা বাকশাল কায়েমেরই চেষ্টা। ১৯৭৫ সালে গঠিত বাকশালের চেয়েও এগিয়ে রয়েছে নব্য বাকশালীদের ষড়যন্ত্র।
অধিকার হারাতে হারাতে দেয়ালে পিঠ ঠেকে গেলে পাল্টা জবাব দেয়া ছাড়া জনগণের আর কোন পথ খোলা থাকেনা বলেও সরকারকে হুসিয়ার করে দেন শিবির সেক্রেটারি।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি





