দলকে গুছিয়ে নিয়ে সরকার বিরোধী চলমান আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে চান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারুণ্য নির্ভর ও দলের ত্যাগী নেতাদের দিয়েই আগামী দিনের রাজপথের কর্মসূচি সফল করতে চান তিনি। অভিজ্ঞ আর দলের জন্য নিবেদিত এমন সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও ১৯ দলীয় জোটের শীর্ষনেতা বেগম খালেদা জিয়া।
এরই অংশ হিসেবে সর্ব প্রথম নগর কমিটি পুনর্গঠন নিয়ে ঢাকা মহানগর বিএনপির নেতাদের সঙ্গে বসবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এজন্য সোমবার রাতে নিজের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তাদের ডেকেছেন তিনি।
জানা গেছে, ওইদিন নেতাদের কাছ থেকে বক্তব্য শুনবেন খালেদা জিয়া। সারাদেশে আন্দোলন চূড়ান্ত রূপ নিলেও ঢাকা মহানগরের ব্যর্থতার জন্য নেতাদের কাছে কৈফিয়ত চাইতে পারেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস পর গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ঢাকা মহানগর বিএনপি পুনর্গঠনের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী সোমবার নেতাদের উপস্থিতিতে কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের বিষয়ে নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
এ বিষয়ে সদ্য কারামুক্ত দলটির স্থায়ী কমিটির একজন সদস্য টাইম নিউজকে বলেন, দলে নেতৃত্বের পরিবর্তন হবে এটিই স্বাভাবিক। যোগ্যরা এগিয়ে আসবে অযোগ্যরা বাদ পরবেন। শুধু ঢাকা মহানগরী নয়, অন্য শাখাগুলো এবং সহযোগি ও অঙ্গসংগঠনেও যোগ্য নেতৃত্ব আসতে হবে। তাহলেই দলের কার্যক্রম গতিশীল হবে।
সোমবারের বৈঠক প্রসঙ্গে ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আব্দুস সালাম টাইম নিউজকে জানান, আগামী সোমবার ঢাকা মহানগর বিএনপি নেতাদের গুলশান কার্যালয়ে ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মহানগর কমিটিতে যারা আছেন তারা সেদিন উপস্থিত থাকবেন।
তবে কমিটি পুনর্গঠন করার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে এই প্রতিবেদককে জানান। তিনি আরো বলেন, ম্যাডাম আমাদের ডেকেছেন সেখানে চলমান আন্দোলন নিয়ে কথা হতে পারে। নেতাদের কাছ থেকে মহানগরীর বিষয়ে তাদের বক্তব্য শুনবেন। এছাড়াও তিনি ঢাকা মহানগরীকে যেকোনো নির্দেশনা দিতে পারেন।
বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, যত দ্রুত সম্ভব ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড। অন্যদিকে বর্তমান কমিটির শীর্ষ পদগুলোতে পরিবর্তন এনে দ্রুত কমিটি করার পক্ষে জোরালো দাবি রয়েছে সংগঠনটির তৃণমূল নেতাদের।
এদিকে দলের অপর একটি সূত্রের দাবি মহানগর কমিটি পুনর্গঠনের পরপরই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অন্যান্য সহযোগী ও অঙ্গসংগঠনগুলোকে ঢেলে সাজানো হবে। আগামী এপ্রিলে দলের কাউন্সিল অনুষ্ঠানের আগেই এসব কমিটিগুলোতে নতুন নেতৃত্বের দেখা যেতে পারে।
[b]ঢাকা, এমএইচ, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এআর[/b]
রাজনীতি
দল গোছানো শুরু, তদারকিতে খালেদা জিয়া
দলকে গুছিয়ে নিয়ে সরকার বিরোধী চলমান আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে চান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারুণ্য নির্ভর ও দলের ত্যাগী নেতাদের দিয়েই আগামী দিনের রাজপথের কর্মসূচি সফল করতে চান তিনি। অভিজ্ঞ আর দলের জন্য নিবেদিত এমন সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও ১৯ দলীয় জোটের শীর্ষনেতা বেগম খালেদা জিয়া।





