চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে গোলাগুলি ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। পরে বহিরাগতদের অবস্থান এবং অবৈধ অস্ত্র আছে কি না জানতে সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালায় পুলিশ।

রোববার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দি হলের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টা পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে অন্তত ৫০ রাউন্ড গুলি বিনিময় এবং ২০টি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে।

শিবির নেতাকর্মীদের দাবি, ছাত্রলীগ পূর্ব-পরিকল্পিতভাবে সংঘর্ষ বাধানোর চেষ্টায় কয়েকদিন ধরে শিবিরের নেতাকর্মীদের উপর হামলা করে আসছে। পরিকল্পনার অংশ হিসেবেই এ হামলার ঘটনা ঘটেছে।

তবে ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি, শিবির কোনো উস্কানি ছাড়াই তাদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, কোনো কারণ ছাড়াই পুলিশ ও ছাত্রলীগ অতর্কিত শিবির কর্মীদের উপর হামলা করেছে। ছাত্রলীগের গুলিতে আমাদের ২ জন কর্মী আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য হল থেকে বের করা যাচ্ছে না।

উভয় সংগঠনের নেতাকর্মীরা তাদের পক্ষ থেকে কোনো গুলি, ককটেল ছোড়া হয়নি বলে দাবি করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত রয়েছেন।

হাটহাজারী থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) আবুল কাশেম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ৩০ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করেছে। এ পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোহারাওয়ার্দী হলে অভিযান চালানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের সিট বাতিল করে নতুনভাবে বরাদ্দ দেয়ার দাবিতে রোববার সকাল ১১টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় মানবন্ধন করে ছাত্রলীগ। এসময় মানববন্ধনের ছবি তোলায় শওকত হোসেন নামে কম্পিউটার সায়েন্স বিভাগের এক শিবির কর্মীকে ধরে মারধরের পর পুলিশে সোপর্দ করে তারা।

বিকালে ছাত্রলীগের কিছু কর্মী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে গেলে সেখানে এ বিষয়ে তাদের সঙ্গে কয়েকজন শিবির কর্মী বিবাদে জড়ায়। একপর্যায়ে ছাত্রলীগ কর্মীদের সেখান থেকে ধাওয়া দেয় শিবির কর্মীরা।

এ ঘটনার খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে এসে শিবির কর্মীদের ধাওয়া দেয়। শিবির কর্মীরা ধাওয়া খেয়ে হলের ভেতর অবস্থান নেয়। একপর্যায়ে উভয় গ্রুপের মধ্য সংঘর্ষ শুরু করে।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ