জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, “স্বাধীনতার ৫০ বছর পরেও নির্বাচন কমিশন গঠনে দেশে একটি আইন নেই‑ এটা অত্যন্ত দুঃখজনক। সংবিধানে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন করার।”
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জিএম কাদের এইসব কথা বলেন।
সংসদে বিরোধী দলীয় উপনেতা বলেন, “আমরা চাই, সংবিধানের আলোকে আইনের মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন হবে, যারা দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে। এতে নির্বাচন কমিশন গঠনে স্থায়ী সমাধান হবে।”
জিএম কাদের বলেন, “প্রতি পাঁচ বছর পর রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন। এতে নানাবিধ সমালোচনার সৃষ্টি হয়। আবার দলীয় দৃষ্টিকোণ থেকে কমিশনার নিয়োগ হলে মানুষের ভোটাধিকার লঙ্ঘিত হয়।”
এমবি





