[b]ঢাকা:[/b] আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত গণসমাবেশ। দীর্ঘদিন পর জোটের শরিকদের ছাড়াই একক কোন বৃহৎ সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। পুলিশি শর্তের কারণে জোটগতভাবে নয়, এককভাবেই গণসমাবেশ করতে হবে দলটিকে।
দলটির দাবী অনুযায়ী, ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট বর্জন করায় তাদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে কেন্দ্রীয়ভাবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ গণসমাবেশের আয়োজন করা হয়েছে।
গণসমাবেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন সমাবেশে।
এসময় দলীয় স্লোগানের পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সোহরাওয়ার্দী উদ্যানের গণসমাবেশ।
এদিকে বেলা সোয়া ১২টার দিকে গণসমাবেশস্থলে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে আসেন চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এডভোকেট আহমেদ আযম খান এবং বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুক।
গণসমাবেশ আনুষ্ঠানিকভাবে ২টায় শুরু হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুপুর ৩টায় গণসমাবেশ স্থলে আসবেন বলেও জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির এই গণসমাবেশের অনুমতি দেয়। জানা গেছে, সমাবেশের অনুমতির ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বিএনপিকে মোট ১২টি শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলোর অন্যতম হচ্ছে- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামকে সমাবেশে রাখা যাবে না।
প্রসঙ্গত, দশম সংসদ নির্বাচনের পর এই সমাবেশটি হবে খালেদা জিয়ার প্রথম গণসমাবেশ। গত ২৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শেষ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
টাইম নিউজবিডি/এমএইচটি/
রাজনীতি
গণসমাবেশে বিএনপির নেতাকর্মীরা আসছেন
আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত গণসমাবেশ। দীর্ঘদিন পর জোটের শরিকদের ছাড়াই একক কোন বৃহৎ সমাবেশ করতে যাচ্ছে বিএনপি





