সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের মানুষের মূল্যবোধের কোনো অভাব হয়নি।
আওয়ামীলীগ-ছাত্রলীগের মূল্যবোধের অভাব হয়েছে। প্রধানমন্ত্রীর উচিত ছিল ছাত্রলীগের অপকর্মের জন্য সংসদে দাঁড়িয়ে জাতির কাছে ক্ষমা চাওয়া। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অব. ব্রি. জেনারেল আ স ম হান্নান শাহ স্মরণে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা ফোরাম সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, মহানগর নেতা মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, কাজী মনিরুজ্জামান মনির, ইসমাইল তালুকদার, ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম প্রমুখ।
ড. মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকারই অনৈতিকভাবে গঠিত হয়েছে। একটি সরকার গঠন করতে দেড়শ'র বেশি সংসদ সদস্য প্রয়োজন হয়, সেখানে ১৫৩ জনই বিনা ভোটে এমপি হয়েছেন। এর রেশ এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ছাত্রলীগকে সরকার চাঁদাবাজি, টেন্ডারবাজি ও হত্যাসহ যাবতীয় অপকর্মের ফ্রি লাইসেন্স দিয়েছে। শুধু খাদিজা বেগম নার্গিস না, সারাদেশে তারা নারী নির্যাতনসহ সব ধরনের অপকর্ম করছে। ছাত্রলীগ নষ্ট হয়ে গেছে।
সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে ড. মোশাররফ আরো বলেন, প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন মূল্যবোধের অভাবে চাপাতি দিয়ে খাদিজাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি বললেন না ছাত্রলীগের ছেলেরা এ অপকর্ম করেছে। এর জন্য তিনি জাতির কাছে ক্ষমাও চাইলেন না। এসএ





