বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎকালে যে বক্তব্য রেখেছেন এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন।
শনিবার সকালে জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ‘বিএনপি রাজনৈতিক কর্মশালা-৮ অনুষ্ঠানে নয়াপল্টনস্থ হোটেল ভিক্টোরিয়ার হলরুমে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ ৫ জানুয়ারীর নির্বাচন মেনে নিয়েছে, মেয়াদ শেষে সংলাপ হবে একথা বলে রাষ্ট্রপতি তার আস্থা হারিয়েছেন। কারণ তিনি জনগনের কথা না বলে দলীয় কথা বলে আসলেন। তার এই বক্তব্য তীব্র নিন্দা জানাই।
মির্জা ফখরুল বলেন, আদালতের রায় দিয়ে অনেক কিছু হতে পারে। দেশের রাজনীতি চলতে পারে না। রাজনীতিকে শুধু রাজনীতি দিয়ে মোকাবেলা করা যায়। ৫ জানুয়ারীর নির্বাচন কিভাবে হয়েছে তা দেশ বিদেশের সবাই দেখেছে । তাতে আদালতের রায়ের দরকার নেই।
তিনি বলেন, আওয়ামী লীগের বিভক্তের রাজনীতি। মনে হচ্ছে আওয়ামী লীগ একদিকে আর অন্য সবাই একদিকে। মানুষের কোথাও নিরাপত্তা নেই। এখন নদীতে লাশ, রাস্তার পাশে লাশ, সর্বত্রই লাশ পাওয়া যাচ্ছে। আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারছে। সবাই অজানা আতংকে ভুগছে।
বিএনপির এই মূখপাত্র বলে, দেশের সব মানুষকে শিক্ষার্থী করার জন্য জিয়াউর রহমান উদ্যেগ নিয়েছিলেন। বাংলাদেশের যা কিছু ভাল সবই জিয়াউর রহমানের অবদান। দেশকে স্বনির্ভর করার জন্য তিনি মহিলা ও কৃষি মন্ত্রনালয় গঠন করেছিলেন।
সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, সুইজ ব্যাংকে বাংলাদেশের গ্রাহকদের টাকা বেড়েছে। অন্যান্য দেশের গ্রাহকদের টাকা কমেছে। সরকারের লোকেরা দুর্নীতি করেছে তারাই এ ব্যাংকে টাকা জমা করেছে। এ সরকারের আমলে বিনিয়োগ ব্যবসা বাড়ে নাই। কিন্তু চুরি বেড়েছে।
কর্মশালায় প্রশিক্ষণ দান করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান এবং কর্মশালা পরিচালনা করেন বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কবীর মুরাদ।
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালায় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ৫০ (পঞ্চাশ) জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ঢাকা, এমএইচ, ২১ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





