আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবীর মধ্যে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগ এর আয়োজন করে।
হানিফ বলেন, খালেদা জিয়া রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে ইফতারের নামে শেখ হাসিনাকে নিয়ে মিথ্যাচার করছে আর আন্দোলনের কথা বলছে। এই আন্দোলনের ডাকে কেউ সাড়া দিবে না তা খালেদা জিয়া জানেন। কিন্তু নেতা-কর্মীদের জাগ্রত করতে তিনি শুধু শধুই আন্দোলনের হুমকি দিচ্ছেন বলে দাবি করেন হানিফ।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। খালেদা জিয়ার নেতৃত্বে ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দেশে দুর্নীতি ও সন্ত্রাস কায়েম হয়েছে। ওই সময়ে দুর্নীতিতে দেশ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিলো বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এডভোকেট খোন্দকার শামসুল হক রেজা।
ঢাকা, এমআর, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





