দূর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ক্ষমতা থেকে আমাকে নামানোর জন্য অনেকেই টানাটানি করেছেন। কারা করেছেন, তা আমি জানি এবং শুনেছি। আমাকে যতই টানাটানি করেন আমি নামবো না। আমার খুঁটির জোর আল্লাহ ও শেখ হাসিনা ছাড়া কেহই জানে না।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
‘বিএনপি ক্ষমতায় আসলে জিয়া হত্যার বিচার করা হবে’ মির্জা ফখরুল ইসলামের এমন দাবিকে ভণ্ডামী বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন, আগামীকাল এসে আপনারা জিয়া হত্যার মামলা দায়ের করুন। এ হত্যার বিচার আমরা করে দিব। কিন্তু আপনারা তা করবেন না। কারণ এতে বিএনপির অনেক রাঘব বোয়ালরা বেরিয়ে আসবে।
তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, একজন (তারেক রহমান) বিদেশে বসে মিথ্যাচার করছে। আরেকজন (খালেদা জিয়া) বাংলাদেশে বসে মিথ্যাচার করছে। এসব বন্ধ না করলে তা আপনাদের জন্য মঙ্গলজনক হবে না।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফযেজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, উপ-দপ্তর সম্পাদক জামাল হোসেন প্রমুখ।
ঢাকা, এমআর, ৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ