রাজধানীর যাত্রাবাড়ীতে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত দুই জনের একজন মিঠাপুকুর উপজেলার ভাইস-চেয়ারম্যান আব্দুল বাসেত মারজান।

মঙ্গলবার রাত ৩টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষেয়ে র‌্যাব-১০ এর অপারেশন অফিসার খায়রুল আলম বলেন, কাঠেরপুল এলাকায় রাতে কয়েক যুবক টহলরত র‌্যাব সদস্যদের গাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা আত্মরক্ষায় পাল্টা আক্রমণ চালায়। এতে দুই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই মমিনুল ইসলাম বলেন, ‘কাঠেরপুল এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, র‌্যাব-১০ এর ডিএডি নাজমুল ইসলাম তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এরপর কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া চারটার দিকে তাদের মৃত ঘোষণা করেন। নিহত যুবকদের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তাদের দু’জনেরই পরনে শার্ট ও প্যান্ট রয়েছে।

উল্লেখ্য, আবদুল বাসেত মারজানের পরিবারের অভিযোগ ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সাদা পোষাকের ডিবি পুলিশ গত ১ ফেব্রুয়ারি আটক করে।

গত কয়েক দিন ধরেই নিখোঁজ ছিলেন মারজান। কিন্তু গত কয়েক দিনেও পুলিশ এ বিষয়ে কোনো কিছু জানায়নি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছিল।

এছাড়া মিঠাপুকুর উপজেলা জামায়াত নেতা আল-আমীন ও তার স্ত্রী বিউটি বেগম এবং তাদের প্রতিবেশী মৌসুমীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ১৫ জানুয়ারি রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে তাদের আজ পর্যন্ত আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তাদের অভিযোগ।

ইআর/জেআই