ভোটের আগের রাতে নৌকায় সিলমারা ব্যালট ভোটকেন্দ্রে লুকিয়ে রাখা হতে পারে বলে আশঙ্কা করেছেন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি আরও অভিযোগ করেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৯০ শতাংশ প্রিজাইডিং ও পোলিং অফিসার আওয়ামী ঘরানার লোক থেকে বাছাই করা হয়েছে।
আজ (শুক্রবার) সকালে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় গণসংযোগকালে বুলবুল সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।
বুলবুল সাংবাদিকদের বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ড তারা (ক্ষমতাসীনরা) করবেই। তারা চেষ্টা করছে…ভোটের আগের দিন প্রিজাইডিং অফিসারদের দিয়ে ভোট কেটে বিভিন্ন জায়গায় সেটা লুকিয়ে রাখা হবে (স্কুলের) হেডমাস্টারের রুমে বা এসিসট্যান্ট হেডমাস্টারের রুমে।” এ কারণে ভোটকেন্দ্রের ওইসব জায়গায় সার্চলাইট বসানোর দাবি জানান বিএনপির কেন্দ্রীয় নেতা বুলবুল।
তিনি বলেন, “এখানে এইচটি ইমাম নামে এক ভদ্রলোক আছেন, বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা, তিনি বেছে বেছে... ৯০ পার্সেন্ট আওয়ামী লীগ ঘরানার লোকদের পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার রাখা হয়েছে। আমরা আজকে দুপুরের মধ্যে এর গেজেট চাই।”
‘নিরপেক্ষ লোকদের’প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার করার দাবি জানানোর পাশাপাশি শুক্রবার (২৭ জুলাই) থেকেই নির্বাচনী এলাকায় সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী।
বরিশাল ও সিলেটের সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনেও ৩০ জুলাই ভোট হবে। মেয়র পদে ধানের শীষ প্রতীকে বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুলের প্রধান প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন।
সকালে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর এলাকার কাঁচাবাজার থেকে দিনের প্রচার শুরু করেন বিএনপি প্রার্থী। মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করে ধানের শীষের পক্ষে তিনি সমর্থন চান।
প্রচারের শুরু থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসচালিয়ে যাচ্ছে অভিযোগ করে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি বুলবুল বলেন, “আওয়ামী লীগের পোস্টার সন্ত্রাস থেকে আরম্ভ করে এখন পর্যন্ত, যে সন্ত্রাসগুলি করেছে, সমস্ত কিছু আমরা আপনাদের মাধ্যমে বলেছি জনগণের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছি।”
কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো প্রতিকার পাননি অভিযোগ করে বুলবুল বলেন, “নির্বাচন কমিশন এখন গৃহপালিত পশুর মতো, জন্তুর মতো আচরণ করছে। এখানে সরকারের যে ভূমিকা বা নির্বাচন কমিশনের যে ভূমিকা রাখা উচিত ছিল, অন্যান্য দেশে যেটা হয়, সে ভূমিকা এখানে নাই।”
রাজশাহীর ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজ (শুক্রবার) থেকে সেনা মোতায়েনের দাবি আবারও তুলে ধরেন বিএনপির প্রার্থী।
তিনি বলেন, “প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, সেনাবাহিনী নিয়োগ করে রাজশাহীতে নিরপেক্ষ ভোটের অবস্থা সৃষ্টি করা হোক। আগামী জাতীয় নির্বাচনে এটা জনগণের কাছে উপযুক্ত প্রমাণ হয়ে থাকবে।”
এমবি





