সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণ-গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর জামায়াত।
মঙ্গলবার গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মিছিলটি বের হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে হোসেন আলী বলেন, বেশ কিছুদিন থেকে সারাদেশে ধর্ষণ-গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা অব্যাহতভাবে বৃদ্ধি পেয়ে চলেছে।
তিনি আরো বলেন, এসব পৈচাশিক নির্যাতনের ঘটনায় থানায় সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা হচ্ছে।
স্থানীয় লোকেরা এসব ঘটনার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে। এতোদসত্ত্বেও সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততার কারণে দুর্বৃত্তরা সাথে সাথে গ্রেপ্তার হচ্ছে না এবং শাস্তিও পাচ্ছে না।
হোসেন আলী বলেন, কর্মজীবী নারী, স্কুল-কলেজের ছাত্রীরাও ধর্ষিতা হচ্ছে। শিশুদেরকে অপহরণ, ধর্ষণ ও খুন করা হচ্ছে। সরকারের প্রতি আমাদের দাবি, এসব অন্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দিন, অন্যথায় জনগণ এর কড়া জবাব দেবে।
সমাবেশে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর শিবির সেক্রেটারি আহমদ ইমতিয়াজ, শ্রমিক কল্যাণ সভাপতি আজহারুল ইসলাম, জামায়াতের জয়দেবপুর থানা উত্তরের আমির আশরাফ আলী কাজল, ছাত্রশিবির গাজীপুর মহানগরীর অর্থ সম্পাদক মিজানুর রহমান আরিফ, শিক্ষা সম্পাদক সাইফুল ইসলাম, মানবউন্নয়ন সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রেজাউল ইসলাম।
এসএইচ





