বরিশালে ইউএনও’র বাসভবনে হামলার পর উদ্ভূত পরিস্থিতিকে একটি ‘স্থানীয় ঘটনা’ ও ‘বিচ্ছিন্ন বিষয়’বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ রোববার (২২ আগস্ট) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দেশের বিভিন্ন স্থানে আমলাদের সঙ্গে রাজনীতিবিদদের দ্বন্দ্বের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বরিশালের বিষয়টি একান্তই স্থানীয়।
সেখানে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন। তদন্তে বেরিয়ে আসবে আসলে কী ঘটেছিল। তার আগে আসলে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’
আওয়ামী লীগের মেয়রকে আসামি করা হয়েছে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হলো কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি একটি স্থানীয় ঘটনা, বিচ্ছিন্ন বিষয়।
মামলা যে কারো বিরুদ্ধে হতে পারে। এর আগে অনেক মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে। এটি প্রথম নয়, বহু মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলা হলে সেটি তদন্তে বেরিয়ে না আসা পর্যন্ত এটি নিয়ে কিছু বলা সমীচীন নয়। অভিযোগ দায়ের হতে পারে, অভিযোগ সঠিক কি না সেটি তদন্তের পর বেরিয়ে আসবে।’
প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনের বিবৃতির ভাষাসহ সার্বিকভাবে কোনো সংকট আছে কি না তা জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই কোনো সংকট নেই। তবে অ্যাসোসিয়েশনের বিবৃতিটা চটজলদি হয়েছে।’
এইচএন





