ঢাকা ও চট্টগামের ৩ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন সমর্থিত মেয়র প্রার্থীরাও বজৃনের ঘোষণা দিয়েছেন।

ব্যাপক কারচুপি ও সরকার সমর্থিত প্রার্থীদের ভোটকেন্দ্র দখলের প্রতিবাদে এই ঘোষণা দিয়েছেন তারা। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন মেয়র প্রার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ (কমলালেবু), দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান (ফ্লাস্ক), সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, ছাত্র নেতা নুরুল ইসলাম আল আমীন প্রমুখ।

প্রার্থীরা বলেন, ভোটগ্রহণ শুরুর পর বিভিন্ন ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়া, জালভোট প্রদান ও ভোটকেন্দ্র দখল করে সরকারদলীয় প্রার্থীদের ভোট প্রদানসহ নানা অনিয়মের খবর পাওয়া গেছে।

এহেন পরিস্থিতিতে সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ বিনষ্ট হয়ে গেছে বলে আমরা মনে করছি। এ প্রহসনের নির্বাচনকে আমরা মেনে নিতে পারি না। তাই আমরা এ নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি।

চট্টগ্রাম থেকেও আমাদের মেয়র প্রার্থী ওয়ায়েজ হোসেন ভূইয়া নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ বলেন, নির্বাচন কমিশন সেনাবাহিনী না নামিয়ে সরকার সমর্থিত প্রার্থীদের ভোট ডাকাতির সুযোগ করে দিয়েছে।

আমরা এ নির্বাচন বর্জন করছি এবং এ নির্বাচন বাতিল করার আহবান জানাচ্ছি। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থতার জন্য নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করছি।

এসএইচ