আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম বলেছেন, দেশের একমাত্র জঙ্গিনেত্রী হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে (খালেদা জিয়া) দমন করতে হবে।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুল মাঠে গণতন্ত্রী পার্টির উদ্যোগে ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে একজন জঙ্গি নেত্রী আছেন। সেই নেত্রী হলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। এখন আমাদের একটাই কাজ। সেই (খালেদা জিয়া) জঙ্গিদের দমন করতে হবে। তাদের বিষদাত ভেঙ্গে দিতে হবে।

নাসিম বলেন, বিএনপির পালাতক নেতা সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার ষড়যন্ত্র করতে চেয়েছিলেন। সেই ষড়যন্ত্রকারী মান্নাকে গ্রেফতার করা হয়েছে। তার ষড়যন্ত্রের বিচার হবেই। দেশে কোনো ষড়যন্ত্রকারীর রক্ষা নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় না। দেশে নির্বাচন অবশ্যই হবে। তবে সে নির্বাচন হবে ২০১৯ সালে। ওই নির্বাচনের জন্য আপনি (খালেদা) প্রস্তুতি নেন। দেখি সেই খেলায় কে জিতে কে হারে।

বাংলাদেশর ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বিএনপি রাজনীতির খেলায় পরাজিত হয়ে মাহমুদুর রহমান মান্নাকে দিয়ে উত্তরপাড়ায় ষড়যন্ত্র করে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চেয়েছিলেন, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ৪০ দিনের মধ্যে আত্মসমর্পন করেন। তাহলে আদালত মনে করলে আপনাকে জামিন দিতেও পারেন।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সন্ত্রাস ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। খালেদা জিয়া যে সন্ত্রাসী কার্যকলাপ করছেন, এর বিচার বাংলাদেশের মাটিতে হবেই হবে। সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ বা সমঝোতা হবে না।

তিনি বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীর মধ্যে কেউ যদি বিভেদ সৃষ্টি করেন। তাকেও ক্ষমা করা হবে না। তাদেরও বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে। মাহমুদুর রহমান মান্না ও সাদেক হোসেন খোকা সাহেবের মত অনেকেই অনেক কথা বার্তা বলতে পারেন, কিন্তু সাবধান হয়ে যান। কাউকে ছাড় দেয়া হবে না।

গণতন্ত্রী পার্টির সভাপতিমন্ডলীর সদস্য মাহমুদুর রহমান বাবুর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সভাপতি মন্ডলীর সদস্য নুরুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন, বাসদ আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ।

এমআর/কেএইচ