স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দলীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয়তাবাদী দল-বিএনপি।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে গিয়ে দলের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত প্রচার ও প্রকাশনা কমিটির সদস্যসচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছে, তাতে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার বিএনপির প্রতিনিধি দলের কাছ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন। এ সময় আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের অফিস সহকারি মাসুদ আহমেদ উপস্থিত ছিলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গণমাধ্যমকে বলেন, “আমরা দলের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছি। উনারা তা গ্রহণ করেছেন এবং বলেছেন- আমাদের পত্র আওয়ামী লীগ সভাপতির নিকট পৌঁছে দেবেন।”

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী পহেলা মার্চ থেকে বছরব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি।

এমবি