একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) ইমামতিতে গণতন্ত্রের কবর রচিত হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি দেশের সব দলকে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে রাস্তায় নেমে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনে জাফরুল্লাহ এ আহ্বান জানান।

জাফরুল্লাহ বলেন, ‘সংগ্রাম ছাড়া উপায় নেই। আজ মানুষেরা সম্মেলন করার অনুমতি পাচ্ছে না। তাই সব রাজনৈতিক দলকে একত্র হয়ে রাস্তায় নামা ছাড়া গণতন্ত্র মুক্তি পাবে ‌না। আ‌মি সব দলকে আহ্বান কর‌ছি। সব দলের ছোটখাটো ভুল-ভ্রান্তি ভুলে গিয়ে একত্র হয়ে রাস্তায় নামুন।’

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকারের বিচার ব্যবস্থায় খালেদা জিয়া মু‌ক্তি পাবেন না। দলীয় বিচার ব্যবস্থায় তিনি সুবিচার পাবেন না। খালেদা জিয়াকে জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে এবং সকলের সম্মিলিতভাবে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাহলে তি‌নি মুক্তি পাবেন।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরো বলেন, ‘গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে আমাদের নির্বাচন কমিশনের ইমামতিতে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। গণতন্ত্রের কবর হলে কী হয়, দুই মাসের মধ্যে তার চিত্র ফুটে উঠেছে। কয়েক দিন আগে বিজিবি যার কিছুই করার নাই সে মানুষ হত্যা করেছে, গরুচোরের অপবাদ দিয়েছে, তা ডিসি জানেন না, উপজেলার কর্মকর্তারাও জানেন না।’

সংগঠনের সভাপতি কে. এম রকিবুল ইসলাম রিপনের সভাপ‌তিত্বে মানববন্ধনে আরো উপ‌স্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিঝুর রহমান ইরান,‌ জিয়া নাগরিক ফোরামের (জিনাফ) সভাপ‌তি লায়ন মিয়া মো. আনোয়ার, মুক্তিযোদ্ধা ফ‌রিদ উ‌দ্দিন প্রমুখ।

এমআর