যুদ্ধাপরাধীদের সমর্থক দল, ব্যক্তি ও মদদদাতাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নেতারা।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ আয়োজিত “যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সমাপ্ত করে অবিলম্বে রায় কার্যকর করার দাবিতে” এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
বক্তারা বলেন, যুদ্ধাপরাধী, আল বদর, রাজাকাররা পাকিস্তানের দালাল। এরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এসময় তারা যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, যেসব যুদ্ধাপরাধী বিদেশের মাটিতে ঘাঁপটি মেরে আছে। খুব দ্রুত এদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। যুদ্ধাপাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। বাকিরাও রেহাই পাবে না।
তিনি বলেন, বাংলাদেশের মাটিতে ঘুমিয়ে আছে ৩০ লক্ষ শহীদ। সেই দেশে যুদ্ধাপরাধী, আল বদর, রাজাকার ও জঙ্গিদের স্থান হতে পারে না। তাদেরকে বাংলাদেশ থেকে স্বমূলে উৎপাটন করা হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত সকলে ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক। এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, সংগঠনের সমন্বয়ক ফেরদৌস আলম প্রমুখ।
ঢাকা, এমআর, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





