ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সম্মেলন ঘিরে এরই মধ্যে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সাজ সাজ রব। সংগঠনের শীর্ষ নেতারা দিনের পুরোটা সময় থাকছেন সোহরাওয়ার্দী উদ্যানে।

বুধবার কৃষক লীগের ‘ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিল ২০১৯’ রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

আজ (মঙ্গলবার) সকালে সরেজমিনে দেখা গেছে, উদ্যানের (ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন) গেটের অদূরে উত্তর-দক্ষিণমুখী করে বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে। মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল আকারের ছবি শোভা পাচ্ছে।

এদিন সকাল ১১টায় দলীয় কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশমঞ্চ তৈরিসহ বিভিন্ন আয়োজনে ব্যস্ত সময় কাটছে কৃষক লীগের নেতাকর্মীদের। এরই মধ্যে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সাজসাজ রব পড়ে গেছে। রাজধানীসহ সারাদেশে ব্যানার, ফেস্টুনসহ বিভিন্নভাবে প্রচার করছেন নেতাকর্মীরা।

উপস্থিত কৃষক লীগ নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, লম্বায় ৯০ ফুট আর প্রস্থে ৩০ ফুট মঞ্চ তৈরি করা হচ্ছে।

মঞ্চে কৃষি ও কৃষকসংশ্লিষ্ট বিষয়কে প্রাধান্য দেয়া হবে। ‘আমার বাড়ি, আমার খামার’ স্লোগানকে সামনে রেখে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

এএস