দেশের চলমান পরিস্থিতি ও ২০ দলীয় জোটের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।

গুলশানের নিজ রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। চলমান পরিস্থিতিতে আজকের এই সংবাদ সম্মেলন খুবই গুরুত্ব বহন করে। দেশের রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষের কৌতুহল কী বলবেন খালেদা জিয়া।

গুলশান কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে বেগম জিয়া আবারও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানাতে পারেন।

এজন্য চলমান আন্দোলন কিছুটা শিথিল করে সরকারকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংলাপের উদ্যোগ নিতে শেষবারের মতো আল্টিমেটাম দিতে পারেন। একইসঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয় খুলে দিয়ে সব ধরনের স্বাভাবিক রাজনৈতিক কাযক্রম পরিচালনার জন্য সুযোগ দেয়ারও আহ্বান জানাবেন।

বেগম জিয়ার সংবাদ সম্মেলনে রাজনৈতিক মামলায় আটক ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ চলমান আন্দোলনে সারাদেশে আটক নেতাকমীদের মুক্তির দাবি জানাবেন।

দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশেষ করে সরকারের নির্দেশে আাইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক দেশব্যাপী বিরোধী জোটের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গুম ও কথিত 'বন্দুক যুদ্ধে'র মাধ্যমে হত্যার বিষয়টিকে কড়া ভাষায় সমালোচনা করে দমন-পীড়ন বন্ধের জোর আহ্বান জানাবেন।

তিনি সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ নিয়ন্ত্রণের জন্য গভীর উদ্ধেগ প্রকাশ করে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানাবেন।

চলমান আন্দোলনে সাধারণ মানুষসহ বিএনপি ও ২০ দলীয় জোটের যেসব নেতাকর্মী প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে পারেন।

খালেদা জিয়া বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য সরকারকে সংলাপের তাগিদ দেয়ায় আন্তজাতিক বিভিন্ন মহল যেমন- জাতিসংঘ, ইইউ ও বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিকদের ধন্যবাদ জানাতে পারেন। সেইসঙ্গে সংকট নিরসনে তাদেরকে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য আহ্বান জানাতে পারেন।

সবশেষে গণতন্ত্র পুনোরোদ্ধারের সংগ্রামে আবারও দেশবাসীর সঙ্গে থেকে জনগণের অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিতে পারেন।

প্রসঙ্গত, ৩ জানুয়ারি রাত থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করার পর এ নিয়ে তিনি দ্বিতীবার গণমাধ্যমের সামনে কথা বলছেন। এর আগে গত ১৯ জানুয়ারি প্রথম সংবাদ সম্মেলন করেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।

এমএইচ/জেএ